Main Menu

গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্ধ যোগাযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চলের অধিকাংশ মানুষ পানিবন্দি রয়েছেন। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ও দুটি পাথরকোয়ারি বন্ধ রয়েছে। অনেকের বসতঘরে পানি ওঠায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। পাশাপাশি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে প্লাবিত হয়ে পাঠদান বন্ধ রয়েছে।

কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পিয়াইন ও সারি নদী দিয়ে আসা পাহাড়ি ঢলের কারণে বুধবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে উপজেলার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেতে থাকে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল পর্যন্ত উপজেলার পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ি, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। এতে করে গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে গেছে। ফলে উপজেলা সদরের সঙ্গে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা একরকম বিচ্ছিন্ন রয়েছে।

অপরদিকে, পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার নয়াগাঙ্গের পাড় ও বাউরবাগ হাওর গ্রামের নদী তীরবর্তী বসতবাড়ি ভাঙনের কবলে রয়েছে। পাশাপাশি এই এলাকার নদীর তীর সংরক্ষণ ও ফসলি জমি রক্ষায় বেড়িবাঁধগুলোও রয়েছে হুমকির মুখে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন, ‘উপজেলার বন্যা পরিস্থিতির সার্বিক দিক মনিটরিং করা হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও বন্যা কবলিত এলাকার ক্ষয়-ক্ষতির বিবরণ তুলে ধরে প্রয়োজনীয় আরও ত্রাণ সামগ্রীর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে বার্তা পাঠানো হবে।’

Share





Related News

Comments are Closed