Main Menu

সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপরে

সুনামগঞ্জ প্রতিনিধি : গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় বন্ধ রয়েছে তাহিরপুরের সাথে জেলা সদরের যোগাযোগ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমার ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৫১ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা, যাদুকাটা, বৌলাই, রক্তিসহ সব নদীর পানি বেড়েছে।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা এলাকায় প্রায় ২ কিলোমিটার এলাকা পানিতে ডুবে গেছে। ফলে জেলা সদরের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

একই সাথে আনোয়ারপুর ও শক্তিয়ার খলাসহ বিভিন্ন এলাকার বেশ কিছু বাড়িঘরও তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

এদিকে, গত রোববার থেকে টানা তিনদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার অধিকাংশ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও দোয়ারাবাজার এই পাঁচ উপজেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। উল্লিখিত উপজেলাসমূহে হাজারও মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

সুনামগঞ্জ-তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কের ওপর দিয়ে পানি প্রভাবিত হওয়ায় এ দুই উপজেলার সঙ্গে জেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানিতে ভেসে গেছে সদর উপজেলা, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর উপজেলার শতাধিক পুকুরের মাছ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যচাষিরা।

পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী আবুবক্কর সিদ্দিকী ভূঁইয়া জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গত ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

Share





Related News

Comments are Closed