Main Menu

অবশেষে সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনার চারদিন পর সোমবার (১৩ মে) রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন ওই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফেরদৌস হাসান।

মামলায় সারোয়ারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আর ৮/১০ জনকে আসামী করা হয়েছে।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞামামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে গত শনিবার (১১ মে) বিকালে ওই ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন ফেরদৌস হাসান।

তবে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে দ্রুত মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছিলো। এই দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করেন তাঁরা।

সোমবার দুপুরেও সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নেতা সারোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা।

এই সংবাদ সম্মেলনের পর রাতে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মামলার বাদি ফেরদৌস হাসান বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে মামলা দায়েরের দাবি জানানো হয়েছিল। আমরা মামলা করেছি। এখন পুলিশ ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ মে) বিকালে ১০-১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী পেটের পীড়ায় ভোগা একজনকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রোগীর সঙ্গে একজন থেকে বাকিদের বাইরে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসকের ওপর চড়াও হন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরি প্রদর্শন করে হত্যা ও ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। নিশাত নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে পোস্ট দিলে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

Share





Related News

Comments are Closed