Main Menu

আগোরা বনফুল মধুবনকে ১০ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর আফমি প্লাজার আগোরা সুপার শপ, মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল ও মধুবনকে ভেজালবিরোধী অভিযান চালিয়ে নানা অনিয়মে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।

শনিবারের এ অভিযানে মেয়াদোত্তীর্ণ দই-দুধ, পচা মাছ-মাংস বিক্রির দায়ে আগোরা সুপার শপ মালিককে চার লাখ টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং পচা সিরকায় মিষ্টি সংরক্ষণের দায়ে বনফুলকে চার লাখ টাকা এবং পচা ডিম ও বাসি পামওয়েল দিয়ে কেক ও বিস্কুট তৈরির অভিযোগে মধুবনকে দুই লাখ জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বনফুলের কারখানায় মিষ্টি তৈরি হয়- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় বনফুলের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এ ছাড়া পচা সিরকায় সংরক্ষণ করা হয়েছে মিষ্টি। হাতেনাতে এমন অস্বাস্থ্যকর পরিবেশ উদঘাটন করে বনফুলকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

একই আদালত নগরীর হামজারবাগ এলাকায় মধুবনের কেক-বিস্কুট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে। এই কারখানায় পচা ডিম ও বাসি পামওয়েল দিয়ে কেক ও বিস্কুট তৈরির প্রমাণ পাওয়ায় কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ দই-দুধ, পচা মাছ-মাংস বিক্রির দায়ে আগোরা সুপার শপ মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, যারা সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত না করে খাদ্যে ভেজাল দেয় এবং যারা ভেজাল খাদ্য বিক্রি করে- তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভেজালবিরোধী এ অভিযানে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ, ভোক্তা অধিকার ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed