Main Menu

দোকান কোঠা ফিরে পেতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামীলীগ নেতার দখল থেকে মুক্তিযোদ্ধা সংসদের মালিকানা ফিরে পেতে আগামি সোমবার (২২ এপ্রিল) পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (১৭এপ্রিল) বেলা ২টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সংসদের মালিকানা প্রায় দুই শতক ভূমির উপরে দোকান কোঠাটি দখলমুক্ত রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা সীলগালা করে রাখে জেলা প্রশাসন। কিন্তু সীলগালাকৃত দোকান কোঠা বেআইনীভাবে দখল করে নিয়েছেন বিসিবি’র পরিচালক ও আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল। তিনি রাতারাতি পত্রিকার ছাপা খানার মালামাল ওই দোকান কোঠায় স্থানান্তর করে নিয়েছেন।

মাববন্ধনে বক্তারা বলেন, আগামি সোমবারের মধ্যে দোকান কোটার দখল ছাড়তে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা আন্দোলনে নামবে। তাতে যদি ওই আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধাদের উপর হাত তোলারও চেষ্টা করেন, তাও মুক্তিযোদ্ধারা পিছপা হবে না।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মহানগর সন্তান কমান্ডের আহ্বায়ক নুর আহমদ কামালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ডেপুটি কমান্ডার মো. আক্রম আলী, সহকারী কমান্ডার সাইফুল হোসেন ফটিক, সহকারি কমান্ডার সুবেদার আফতাব উদ্দিন, সহকারি কমান্ডার আলী আহজদ, সহকারি কমান্ডার সুবেদার মেজর রফিক উদ্দিন আহমদ, সদর কমান্ডার এরশাদ আলী, দক্ষিণ সুরমা কমান্ডার কুটি মিয়া, বিশ্বনাথ কমান্ডার হাজী ওয়াহিদ আলী, ওসমানীনগর কমান্ডার মো. ফারুক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি সারোয়ার আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, ছাব্বির আহমদ, ছিফৎ আহমদ, যুবকমান্ড নেতা মনোজ কপালী মিন্টু প্রমুখ।

এদিকে, মুক্তিযোদ্ধা সংসদের একমাত্র অবলম্বন মালিকানা দোকান কোঠাটি আ’লীগ নেতা দখলে নেওয়ায় সিলেটে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। এরইমধ্যে বিষয়টি জেলা প্রশাসনও দেখে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed