সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই
বিনোদন ডেস্ক: বাংলা গানের প্রখ্যাত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংগীত পরিচালক শওকত আলী ইমন ও গীতিকার-গায়ক শফিক তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, আমি একটু আগেই খবরটা পেলাম। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। বাসাতেই ছিলেন। উনার মৃত্যু একটা অধ্যায়ের সমাপ্তি টেনে দিল। তার জন্য দোয়া চাই সবার কাছে।
শাহনাজ রহমতুল্লাহর পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন।
গীতিকার ও সাংবাদিক কবির বকুল জানান, শনিবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থবোধ করেন শাহনাজ রহমতুল্লাহ। রাজধানীর বারিধারস্থ নিজ বাসাতেই ছিলেন তিনি। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এসময় তার পাশে ছিলেন স্বামী রহমতুল্লাহ।
১৯৫২ সালে জন্মগ্রহণ করেন বাংলা সংগীতের এই কিংবদন্তি শিল্পী। মাত্র ১১ বছর বয়সে রেডিও এবং চলচ্চিত্রের গানে তার যাত্রা শুরু হয় ১৯৬৩ সালে। ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেছিলেন তিনি। ১৯৬৪ সালে টিভিতে প্রথম গান করেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচি টিভিসহ উর্দু ছবিতেও অনেক গান করেছেন এই শিল্পী। গান শিখেছেন গজল সম্রাট মেহেদী হাসানের কাছে।
শাহনাজ রহমতুল্লাহর ভাই আনোয়ার পারভেজ ছিলেন এদেশের প্রখ্যাত একজন সুরকার এবং সংগীত পরিচালক। আরেক ভাই জাফর ইকবাল ছিলেন এদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক।
এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে ও যে ছিল দৃষ্টির সীমানায়’এর মতো বেশকিছু দেশাত্মবোধক গানের জন্য সর্বসাধারণের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
সঙ্গীতে অবদানের জন্য তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার, বাচসাস পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতুল্লাহ’র গাওয়া চারটি গান স্থান পায়।
এদিকে, বরেণ্য এই সংগীতশিল্পীর জানাজা হবে রোববার (২৪ মার্চ) বাদ জোহর রাজধানীর বারিধারার একটি মসজিদে। পরে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী শফিক তুহিন।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed