Main Menu

ওয়াসিমকে ধাক্কা দেওয়া সেই হেলপার আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ওয়াশিম আফনানকে (২২) ধাক্কা দিয়ে বাসের চাকার নিচে ফেলা দেয়া বাসের হেলপার মাসুক আলীকে (৩৮) আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো.বরকতুল্লাহ খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক হেলপার মাসুক আলীকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার শ্বশুরবাড়ী সিংচাপইড়র গ্রাম থেকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাসের সুপারভাইজারকে ঘটনার জন্য দায়ী করে। তাকে মৌলভীবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে, শনিবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জুয়েল আহমদ (২৬) নামের বাস চালককে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টার দিকে মৌলভীবাজারের শেরপুরে বাস চাপায় সিকৃবি ছাত্র ওয়াসিমের মৃত্যু হয়। ওয়াসিমকে ‘ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যা করা হয়েছে’ মর্মে অভিযোগ করেছেন সিকৃবির শিক্ষার্থীরা।

নিহত মো. ওয়াসিম আফনান সিকৃবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের ঘোরি মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিন দম্পতির পুত্র।

Share





Related News

Comments are Closed