Main Menu

এরশাদের ৯০তম জন্মদিন আজ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে এখনো এক প্রভাবশালী নাম সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কেউ তাকে স্বৈরাচার বলে কেউবা আবার পল্লীবন্ধু। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবচেয়ে প্রবীণ এ নেতা বুধবার (২০ মার্চ) ৯০ বছরে পা দিলেন।

বুধবার দুপুরে রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে এরশাদের ৯০তম জন্মদিনে কেক কাটেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

জন্মদিনে এরশাদ বলেন, ‘দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাদের দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলছি, শত ষড়যন্ত্র আমাদের ধংস করতে পারেনি।’

নিজের দল জাপা প্রসঙ্গে বলেন, ‘অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধ্বংস করতে পারবে না। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় এ নেতা বলেন, ‘জাতীয় পার্টিকে শক্তিশালী করে তোলো, যাতে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে।’

অনুষ্ঠানে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান এরশাদপত্নী রওশন এরশাদ এমপি বলেন, ‘সবাই পার্টির চেয়ারম্যানের জন্য দোয়া করুন, যাতে তিনি সুস্থ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।’

এরশাদের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরে উন্নয়নের যে রেকর্ড গড়েছেন তা কেউ ভাঙতে পারবে না। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। কিন্তু দেশটি গড়ার জন্য পর্যাপ্ত সময় বঙ্গবন্ধু পাননি। কিন্তু দেশ গড়ার জন্য এরশাদের অসংখ্য কীর্তি অক্ষয় হয়ে আছে।’

জাপার কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘আজ শপথ নেওয়ার দিন। আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ আমরা গড়বই।’ তিনি বলেন, জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাবে।’

এরশাদের ছোট ভাই জি এম কাদের তার ভাই এরশাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এরশাদের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সৈয়দ আব্দুল মান্নান, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাসুদা এম রশিদ চৌধুরী এমপি, ফখরুল ইমাম এমপি, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, মেজর অব. মো. খালেদ আখতার, লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, ফখরুজ্জামান জাহাঙ্গীর, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলহাজ্ব মো. মিজানুর রহমান, উপদেষ্টা- ক্বারী হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।

Share





Related News

Comments are Closed