ঢাকসুর ভিপি নুরকে মেনে নিলো ছাত্রলীগ!
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে মেনে নিয়েছে ছাত্রলীগ। যদিও সোমবার দিবাগত রাতে ফল প্রকাশের পর থেকেই তারা বিক্ষোভ করে আসছিল, একই সাথে আজ নুরকে ধাওয়াও দিয়েছিল।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগের কর্মীদের সরিয়ে নিতে এসে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। নুরও আমাদের সঙ্গে কাজ করবে।’
ভিপি পদে পুনর্নির্বাচনের দাবিতে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে শোভন বলেন, ‘তোমরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরপর ছাত্রলীগের সদস্য। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখা তোমাদের দায়িত্ব। সবার প্রতি সম্মান রেখে তোমরা এই স্থান থেকে চলে যাও। ভিসি হচ্ছেন আমাদের অভিভাবক। তার বাসার সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করার কোনও মানে হয় না। তোমরা এই জায়গা ছেড়ে দাও।’
শোভনের নির্দেশে পরে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। ৩টা ৪৫ মিনিট থেকে এই এলাকায় যান চলাচল শুরু হয়। ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের অভিভাবক। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। সবাই আমাদের, সবাই আপন। কাউকে তো পর করা যাবে না। আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। আমার একটা জায়গা আছে, আমার জায়গাটা তোমরা নষ্ট করো না।’
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘আপনি একা কেন? ছাত্রলীগের নির্বাচিত জিএস, এজিএস কোথায়?’ বলে বারবার প্রশ্ন করতে থাকেন। এসময় শোভন নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন।
শোভন বলেন, ‘ছাত্রলীগের মন বিশাল। আমরা বাংলাদেশকে ধারণ করি। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। সবাইকে অনুরোধ করবো এখান থেকে সরে যেতে।’
পরবর্তীতে মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে থেকে সরে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সোমবার অুনষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন কোটা আন্দোলনের নেতা মো. রাশেদ খাঁন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট। ডাকসুর ২৫টি পদের মধ্যে ছাত্রলীগ সদস্যরা ২৩টি পদে জয়ী হয়েছেন।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed