Main Menu

ডাকসু নির্বাচন আজ

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের মিনি সংসদ নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শিক্ষার্থীদের।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এজন্য ১৮ হলে প্রায় ৪৩ হাজার ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে ৫০৮টি বুথ। কেন্দ্রীয় সংসদে ২৫টি ও হল সংসদের ১৩টিসহ মোট ৩৮টি পদের জন্য ভোট দেবে শিক্ষার্থীরা।

নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী এবং নেতাকর্মীদের মাঝে যেমন উচ্ছাস দেখা দিয়েছে তেমনি বিভিন্ন কারণে দেখা দিয়েছে উৎকন্ঠা ও সংঙ্কাও। অন্যদিকে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হল রিটার্নিং কর্মকর্তাদের তথ্যমতে, জগন্নাথ হলে ২৫টি, হাজী মুহাম্মদ মুহসীন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৩০টি, সলিমুল্লাহ মুসলিম হল, মাস্টার দা সূর্যসেন হল ও ফজলুল হক মুসলিম হলে ৩৫টি, জহুরুল হক হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২২টি, রোকেয়া হলে ৫০টি, কবি জসিম উদদীন হল ও অমর একুশে হলে ২০টি, স্যার এ এফ রহমান হলে ১৬টি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৪টি, কবি সুফিয়া কামাল হলে ৪৫টি, শামসুন্নাহার হলে ৩৫টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ১৯টি এবং বিজয় একাত্তর হলে ৪০টি বুথ থাকবে।

এদিকে ভোট গ্রহণ উপলক্ষ্যে ব্যালট বাক্সসহ যাবতীয় সরঞ্জাম প্রতি হলে হলে রাতেই পাঠিয়ে দেয়ার কথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. গোলাম রাব্বানী বলেন, কেউ যাতে পরিবেশ নষ্ট করতে না পারে; সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের দিন বহিরাগতদের চলাফেরা ও স্টিকারবিহীন গাড়ি চলতে পারবে না।

এদিকে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে আশার সঞ্চার দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। তাঁরা বলছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বে বের হয়ে আসবে। যারা শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতৃত্ব দিবে।

এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ২২৯ জন। আর প্রতিটি হল সংসদে ১৩টি পদের জন্য ১৮টি হলে মোট ৫০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে হল সংসদে বিভিন্ন পদে মোট ৩৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

Share





Related News

Comments are Closed