Main Menu

‘ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে না’

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সকাল ও দুপুরের চেয়ে উন্নত হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির ধারা অব্যাহত আছে। যে কারণে আপাতত তাকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

রবিবার (৩ মার্চ) রাত সাড় ৯টার দিকে এক সংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘সকাল ও দুপুরের চেয়ে তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। উনি চোখ খুলে তাকান, উনি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে পানি খাবেন কি না, ‍তিনি মাথা নেড়ে উত্তর দিয়েছেন। তিনি হাত-পা নাড়ছেন।’

তিনি আরও বলেন, ‘দুপুরের দিকে ওবায়দুল কাদেরের প্রস্রাব একদম বন্ধ হয়ে গিয়েছিল। এখন প্রস্রাবও করছেন। ঘণ্টায় একশ সিসি করে প্রস্রাব হচ্ছে তার। রক্তচাপও এখন স্ট্যাবল আছে। অর্থাৎ, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে এবং উন্নতির ধারা অব্যাহত আছে।’

শারীরিক অবস্থার উন্নতির এই ধারাবাহিকতার কারণেই ওবায়দুল কাদেরকে আপাতত সিঙ্গাপুরে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএসএমএমইউ উপাচার্য। তিনি বলেন, ‘আমরা সিঙ্গাপুরের টিমের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আপাতত উনি এখানেই থাকবেন। পরবর্তী সময়ে অবস্থার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আগামীকাল সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার পরবর্তী তথ্য জানানো হবে বলে জানান কনক কান্তি বড়ুয়া।

এর আগে অবশ্য সিঙ্গাপুরের চিকিৎসক দলের সঙ্গে বিএসএমএমইউয়ে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে দুই পক্ষই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়।

উল্লেখ্য, রবিবার সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে বিএসএমএমইউ’র আইসিইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এনজিওগ্রাম করার পর ৩টি ব্লক ধরা পড়ে। একটি ব্লক খুলে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share





Related News

Comments are Closed