Main Menu

আরও ৩ নতুন ব্যাংক অনুমোদন পেল

বৈশাখী নিউজ ডেস্ক: আরও তিনটি নতুন ব্যাংককে কার্যক্রম শুরু করতে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সমালোচনা উপেক্ষা করে নতুন এ তিন ব্যাংককে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক।

নতুন অনুমোদন পাওয়া এ ব্যাংক তিনটি হলো- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের।

সভায় এসব ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা ব্যাংক স্থাপনের আগ্রহপত্র দেয়ার সিদ্ধান্ত হয়। নতুন ব্যাংকের অনুমোদন পাওয়া এ উদ্যোক্তাদের ৫০০ কোটি টাকা মূলধন জোগান দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ তিন ব্যাংক অনুমোদনের ফলে দেশে সব মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৬২টিতে। যার ১৩টি আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদন পাওয়া ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের’ প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। দ্য সিটিজেন ব্যাংকের মালিক আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক।

অন্যদিকে, পিপলস ব্যাংকের উদ্যোক্তা চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা এম এ কাশেম। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের জন্য ব্যাংকটির আবেদন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রচলিত বিধি মোতাবেক, ১০ লাখ টাকা ফি দিয়ে নতুন ব্যাংকের অনুমোদন পেতে আবেদন করতে হয়। আর চূড়ান্ত অনুমোদন পেতে ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন লাগে। তবে এবার ৫০০ কোটি টাকা মূলধনের বিষয়টি জুড়ে দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed