Main Menu

চলে গেলেন কাদের খান

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বলিউডের অভিনেতা কাদের খান। সোমবার (৩১ ডিসেম্বর) কানাডার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। অল ইন্ডিয়া রেডিও এ খবর প্রকাশ করেছে।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সিনে জগতে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র প্রেমীদের আনন্দ দিয়েছেন তিনি। কখনো নিয়েছেন চিত্রনাট্যকার কিংবা সংলাপ লেখকের দায়িত্ব, কখনো পালন করেছেন অভিনেতার ভূমিকা। সব রকম অভিনয়ে তিনি সমান পারদর্শী।

মূলত নেগেটিভ চরিত্রে অভিনয় দিয়ে ক্যামেরার সামনে কাজ শুরু করলেও ক্রমশ কৌতুক অভিনেতা হিসেবেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন।

জানা গেছে, গত মঙ্গলবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরিস্থিতির অবনতি হলে মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে।

কাদের খান কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে থাকছেন। তার ছেলে সরফরাজ বলেন, হাঁটুতে অস্ত্রোপচার সফল হলেও শারীরিক দুর্বলতায় হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। ৩০০ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে কয়েকটি হল, মুঝসে শাদি করোগি, আখিঁয়ো সে গোলি মারে, জোরু কা গুলাম, হাসিনা মান জায়েগি ও জুড়বা।

রাজেশ খান্না, অমিতাভ বচ্চন থেকে শুরু করে গোবিন্দর সিনেমায় গুরুত্বপূর্ণ ও কমেডি চরিত্রে তাকে দেখা গেছে। সব চরিত্রেই বাজিমাত করেছেন এ অভিনেতা।

Share





Related News

Comments are Closed