বাংলাদেশীদের দুয়ার খুললো লাদাখ ও সিকিমের
পর্যটন ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য খুলে গেল ভারতবর্ষের পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট কাশ্মীরের লাদাখ, পশ্চিমবঙ্গের সিকিম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর রাজ্যে। দীর্ঘ অপেক্ষার পর এবার এই অঞ্চলগুলোতে পর্যটকদের ঢোকার অনুমতি দেবে দেশটি।
মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান।
নিরাপত্তাসহ বিভিন্ন কারণে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী মেঘ-পাহাড় বরফের সিকিম, গ্যাংটকসহ লাদাখ এবং সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যে ঢোকায় কড়াকড়ি ছিল বাংলাদেশীদের জন্য।
ভারতের জম্মু ও কাশ্মিরে হিমালয় আর কারাকোরামের মাঝে লাদাখ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে পরিচিত ‘ভূস্বর্গ’ হিসেবে। অন্যদিকে তিব্বত, ভুটান, নেপাল ও পশ্চিমবঙ্গের লাগোয়া ক্ষুদ্র ভারতীয় রাজ্য সিকিমে রয়েছে পৃথিবীতে তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
এ দুটি জায়গায় পর্যটকদের যাতায়াতে এতদিন কড়াকড়ি ছিল। বাংলাদেশ থেকে কেউ যেতে চাইলে তাকে আবেদন করতে হত দিল্লিতে। অধিকাংশ ক্ষেত্রেই অনুমতি মিলতো না।
এখন বাংলাদেশের পর্যটকরা ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে লাদাখ বা সিকিমে যাওয়ার আবেদন করতে পারবেন।
গতবছর ১৪ লাখ বাংলাদেশী ভারত ভ্রমণ করেছেন, যা দেশটির মোট বিদেশি পর্যটকের ১৫ শতাংশের বেশি। যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি মানুষ প্রতিবছর ভারত ভ্রমণ করছেন।
ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতের যে নতুন ভিসা সেন্টারটি চালু করা হয়েছে, সেটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিসা সেন্টার। এর স্বীকৃতির জন্য ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডে’ আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন স্টেট ব্যাংক অব ইনডিয়ার একজন কর্মকর্তা, যিনি ওই ভিসা সেন্টার পরিচালনায় যুক্ত আছেন।
এদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া-আসার সময় দেশটির ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং গেদে/হরিদাসপুর রেল ও সড়কপথ ছাড়াও অতিরিক্ত দুটি রুট ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।
২৪ নভেম্বর শনিবার থেকে সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) অতিরিক্ত রুটের আবেদন গ্রহণ করা হবে বলে ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই আবেদনের জন্য আলাদাভাবে ৩০০ টাকা ফি দিতে হবে। সব আইভিএসিতে রুট অনুমোদনের আবেদন জমার জন্য আলাদা কাউন্টার থাকবে। ভারতীয় হাই কমিশন ও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া যাবে।
তবে ভারতীয় হাই কমিশন, ঢাকা কিংবা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাই কমিশনে অতিরিক্ত রুট অনুমোদনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed