Main Menu

সাবেক নৌ প্রধান এমএইচ খান আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মোশাররফ হোসেন খান আর নেই। বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।

রিয়ার এডমিরাল এম এইচ খান ৭ নভেম্বর ১৯৭৩ থেকে ৩ নভেম্বর ১৯৭৯ সাল পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। নৌপ্রধান হিসেবে তার দায়িত্ব পালনকালে ১৯৭৪ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈসা খানকে কমিশনিং এবং নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতার দিকনির্দেশনায় নৌ সদর দপ্তর প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতাপরবর্তী সময়ে বাংলাদেশে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ার সূত্রপাত তার সময়ে শুরু হয়।

মরহুমের নামাজে জানাজা ১৫ অক্টোবর সোমবার বাদ জোহর ঢাকা সেনানিবাসস্থ বানৌজা হাজী মহসীনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাংলা মটরের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন হবে।

এম এইচ খান গত ১ ফেব্রুয়ারি ১৯৩২ সালে জন্ম নেন।তিনি ১ জানুয়ারি ১৯৫৪ সালে নৌবাহিনীতে যোগ দেন।

মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান এবং স্ত্রীসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে নিকট আত্মীয়-স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্য গভীর শোক প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed