Main Menu

মানচিত্র থেকে সেন্টমার্টিন সরালো মিয়ানমার

বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি দুটি ওয়েবসাইটে মিয়ানমার তাদের মানচিত্র আপলোড করেছে। তাতে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালেই বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ লিউন ও-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের দফতরে তলব করা হয়।

সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ইউ লিউনের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপকে মিয়ানমারের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে অবিলম্বে মিয়ানমারকে ব্যাখ্যা দিতে বলা হয়।

বাংলাদেশের জোর দাবির মুখে ঘটনার একদিনের মধ্যে মিয়ানমার তাদের নতুন মানচিত্র থেকে সেন্টমার্টিন অংশটি সরিয়ে নিতে বাধ্য হলো।

রবিবার (০৭ অক্টোবর) সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

পরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়। এরপরই তারা তাদের ওয়েবসাইট থেকে ভুয়া তথ্যটি সরিয়ে ফেলেছে।’

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেন, ‘এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। কমিটি এ বিষয়ে তৎপর থাকা এবং মিয়ানমারের অন্য কোনো ওয়েবসাইটে কিংবা কোথাও এমন তৎপরতা মনিটর করার সুপারিশ করা হয়েছে।’

কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ অংশ নেন।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক ছাড়াও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলমসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিয়ানমারের ভূখণ্ডের অংশ হিসেবে সেন্টমার্টিনকে দেখানোর পেছনে তাদের ‘অস্পষ্ট মনোভাব’-এর বিষয়ে শুরুতেই নিন্দা প্রকাশ করে বাংলাদেশ। কারণ, দ্বীপটি ব্রিটিশ আমল থেকে কখনোই মিয়ানমারের ভূখণ্ডের অংশ ছিল না এবং এখন পর্যন্ত ভূখণ্ডগত মালিকানা নিয়ে তাদের সঙ্গে কোনও ধরনের বিবাদও হয়নি।

ব্রিটিশ ভারত থেকে বার্মা যখন আলাদা হয় সেন্টমার্টিন তখন অবিভক্ত ভারতের অংশ ছিল। তবে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় সেন্টমার্টিন স্বাভাবিকভাবে তৎকালীন পাকিস্তানের অংশ থাকে এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বীপটি নিশ্চিতভাবে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হয়।

Share





Related News

Comments are Closed