ঢাকা-টঙ্গী-জয়দেবপুর অংশে রেল প্রকল্প উদ্বোধন মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি) অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী অংশে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর অংশে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প দুটি মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঢাকা-টঙ্গী-জয়দেবপুর অংশের অধীন ট্রেন পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্প দুটি নেয়া হয়েছে। এতে সমন্বিত ও গতিময় ট্রেন সেবা প্রবর্তনের মাধ্যমে শহরতলী এবং অন্যান্য জেলার যাত্রীদের রাজধানী ঢাকায় স্বাচ্ছন্দ্যে ও সময় সাশ্রয়ী যাতায়াত সম্ভব হবে।
প্রকল্প দুটিতে ভারতীয় ঋণ হিসেবে পাওয়া যাবে ৯০২ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা। আর ২০৪ কোটি ১৬ লাখ ৬৭ হাজার টাকা দেবে বাংলাদেশ সরকার।
যাত্রী সাধারণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অধিক সংখ্যক ট্রেন চালু করার জন্য ঢাকা-টঙ্গী অংশে সক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের ফলে রাজধানী ঢাকা হতে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, টঙ্গী-জয়দেবপুর হয়ে উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল অধিকতর স্বাচ্ছন্দ্যপূর্ণ ও গতিময় করার ক্ষেত্রে ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ফিডার সেকশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন্স ও কল্পতরু যৌথভাবে কাজটি করবে। চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে কাজ সমাপ্ত হবে।
প্রকল্পের আওতায় বাঁধসহ ৯৬ কিলোমিটার ডুয়েলগেজ রেল লাইন এবং ২৫টি কালভার্ট, ছয়টি প্লাটফর্ম ও সেড, ১২টি ফুটওভার ব্রিজ, চারটি স্টেশন ভবন ও অন্যান্য পূর্ত কাজ করা হবে।-খবর ইউএনবি
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed