Main Menu

আরিফের শোডাউনে হামলায় ছাত্রদল নেতা নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর শোডাউনের শেষ পর্যায়ে এসে ছাত্রদলের এক গ্রুপের উপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলি ও দায়ের কোপে ফয়জুল হক রাজু (২৬) নামে ছাত্রদল বিদ্রোহী গ্রুপের এক নেতা নিহত হয়েছেন। নিহত রাজু ছাত্রদল মহানগর কমিটির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।

শনিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসার পাশেই এ ঘটনা ঘটে। এসময় আরিফুল হক চৌধুরী তার বাসায় অবস্থান করছিলেন বলে জানা যায়।

জানা গেছে, শনিবার সিলেট সিটি কর্পোরেশনের স্থগিত ২ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠানের পর আরিফুল হক চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করা হলে তাকে নিয়ে নগরীতে শোডাউন বের করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা। রাত সাড়ে ৯ টার দিকে আরিফের শোডাউন তাঁর বাসার পার্শ্ববর্তী কুমার পাড়া পয়েন্টে এসে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা আরেক গ্রুপের কর্মীরা আরিফের সাথে থাকা ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের (বিদ্রোহী গ্রুপ) উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তাদের দায়ের কোপে ও গুলিতে মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের ৩ জন গুরুতর আহত হন। গুরুতর আহতরা হলেন- মহানগর ছাত্রদলের বিগত কমিটির প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু  (২৬), বর্তমান কমিটির সদস্য উজ্জ্বল আহমদ (২৮)। এছাড়া আহত হন ছাত্রদল কর্মী সালাউদ্দিন লিটন (২৫)।

আহত সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর ফয়জুল আনোয়ার রাজুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার রাত পৌনে ১১টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ।

এ ব্যপারে বিদ্রোহী গ্রুপের নেতা মাশরুর রাসেল বলেন- ছাত্রদল মহানগর কমিটির ক্যাডাররা তাদের উপর অতর্কিত এ হামলা চালিয়েছে। এতে তাদের ১ কর্মী নিহত ও আরো ২ জন আহত হয়েছেন।

একটি সূত্র জানায়, শনিবার রাতে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র আরিফের গাড়িবহহরের সাথে মোটরসাইকেলযোগে নগরীর কুমারপাড়া এলাকায় মেয়রের বাসায় যান ছাত্রদল কর্মী উজ্জ্বল, রাজুসহ তিনজন। আরিফুল হককে বাসায় পৌছে দিয়ে তিনজন একই মোটরসাইকেলে করে ফিরছিলেন। গলির ভেতর থেকে কুমারপাড়া পয়েন্টে আসা মাত্র শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এসে তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা স্টাম্প, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মুহাম্মদ আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত বলেন- হামলায় ৩ জন আহত হলে হাসপাতালে নেয়ার পর ১ জন মারা গেছেন বলে জানিয়েছেন। তাদের ১ জনের গায়ে কোপ আছে এবং আরেকজন গুলিবিদ্ধ। হামলার ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছেন বলে তিনি জানান।

ছাত্রদল সূত্র জানায়, গত ১৩ জুন রাতে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত সিলেট জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে ২৮ সদস্যবিশিষ্ট জেলা কমিটির আলতাফ হোসেন সুমন সভাপতি ও দেলোয়ার হোসেন দিনার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। ২৯ সদস্য বিশিষ্ট নগর ছাত্রদলের কমিটিতে সুদীপ জ্যোতি এষ সভাপতি ও ফজলে রাব্বী আহসান সাধারণ সম্পাদক।

এ কমিটি প্রত্যাখ্যান করে জেলা ও মহানগর ছাত্রদলের একটি পক্ষ মিছিল ও সভা করে। কমিটি প্রত্যাখ্যানকারীদের অভিযোগ ছিল, ঘোষিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পাওয়া কেউ-ই ছাত্র নন। এ নিয়ে দুই পক্ষকে সিটি নির্বাচন পর্যন্ত শান্ত থাকতে বলেছিল কেন্দ্র।

হামলার শিকার হওয়া পক্ষের সঙ্গে থাকা নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন বলেন, ছাত্রদলের পদবঞ্চিত পক্ষটি নির্বাচনে আরিফুল হকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছিল। এ ক্ষোভ থেকে হামলা হতে পারে।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী জানান, হামলায় আহত তিনজনই ছাত্রদলের বিদ্রোহী পক্ষের বলে নিশ্চিত হওয়া গেছে। হামলাকারীরা নতুন কমিটির পক্ষের।

Share





Related News

Comments are Closed