ঢাকার ৩ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক নিশ্চিত নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়।
এতে আরও বলা হয়, আগামী ৯ থেকে ১১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রম চলবে।
এর আগে দিনভর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে বহিরাগতরা ক্যাম্পাসের ভেতরের ফটকে গিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাংচুর চালায়। এসময় পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়।
এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দুপুর থেকে বিকাল পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা।
পরে প্রক্টর নাজমুল আহসান খান শিক্ষার্থীদের সামনে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দিয়ে বলেন, ‘আজকে এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা (শিক্ষকরা) অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি তোমাদের নিরাপত্তা দেয়ার জন্য। আমাদের সাথে পুলিশের সমঝোতা হয়েছে, তারা তোমাদের নিরাপদে ছেড়ে দেবে।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, কবে খোলা হবে তা ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং শিক্ষার্থীদের মেইলে জানিয়ে দেয়া হবে।
এছাড়া মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফয়জুল ইসলাম সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় বর্ধিত ছুটি হিসেবে এই ছুটি ঘোষণা করা হলো।
আগামী বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা গনমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই এ ছুটি দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, নিরপাদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি এবং তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গত কয়েক দিন ধরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিল।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed