Main Menu

শাহবাগে শিক্ষার্থীদের মিছিলে কাঁদানে গ্যাস ও জলকামান

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের হওয়া শিক্ষার্থীদের একটি মিছিল শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই জলকামান ব্যবহার করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ আগস্ট) বেলা ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টার দিকে ৩০০-৪০০ শিক্ষার্থী একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে এগোতে থাকলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের লক্ষ করে কাঁদানে গ্যাসের শেল ও জলকামান দিয়ে পানি ছোড়ে। পরে লাঠিপেটা শুরু করে।

সকাল থেকেই শাহবাগ এলাকায় পুলিশের অবস্থান ছিল। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত মিছিলটি এলে পুলিশ সতর্ক অবস্থান নেয়। বেলা তিনটার দিকে মিছিলটি শাহবাগমুখী হলে থানার সামনে এসে বাধার মুখে পড়ে। পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা পিছু হটে যায়। পুলিশ এখনো ওই এলাকায় অবস্থান নিয়ে আছে।

Share





Related News

Comments are Closed