Main Menu

নায়ক ওয়াসিম কোথায়, কেমন আছেন?

বিনোদন ডেস্ক: ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী ড্যাশিং হিরো ওয়াসিম এখন চলচ্চিত্র থেকে অনেক দূরে। ধর্ম-কর্ম নিয়েই তার অবসর সময় কাটছে। তার সমসাময়িক সময়ের নায়ক আলমগীর, সোহেল রানা এবং ফারুক অন্যতম।

তাদের কেউই আর এখন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন না। কিন্তু চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে তারা প্রত্যেকেই দায়িত্ব পালন করছেন। নিয়মিত এফডিসিতেও যাচ্ছেন। যার কারণে প্রায়ই তাদের দেখা মেলে টিভির পর্দায় বা পত্রিকায়।

কিন্তু নায়ক ওয়াসিম নেই কোনোখানেই। অভিনয় ছেড়েছেন ২০১০ সালে। না তিনি এফডিসিতে যান, না যোগ দেন কোনো টিভি প্রোগ্রাম বা অনুষ্ঠানে। অনেকটাই লোকলক্ষুর অন্তরালে পড়ে আছেন এক সময়ের সুপারহিট এ নায়ক।

খুব অল্প সময়ের ব্যবধানে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান হারানোর শোকই হয়তো তাকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছে।

দর্শকনন্দিত এই অভিনেতার নামেই সত্তর আর আশির দশকে সিনেমা হলে উপচে পড়ত দর্শক। দি রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমানসহ শতাধিক সুপার হিট ছবির নায়ক এই জীবন্ত কিংবদন্তি অভিনেতা।

জানা যায়, দুই হাজার সালের পর একমাত্র কন্যা অষ্টম শ্রেণীর ছাত্রী বুশরার অকাল মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ে অন্তরালে চলেযান অভিনেতা ওয়াসিম। এরপর থেকে গুলশানের বাসায় একাকী সময় কাটাচ্ছেন এবং নামাজ-রোজা নিয়মিত পালন করছেন।

একমাত্র পুত্র দেওয়ান ফারদিন লন্ডনের কারডিফ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ফারদিন এখন ব্যারিস্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত।

ওয়াসিমের পুরো নাম মেজবাহউদ্দীন আহমেদ। জন্ম ১৯৪৭ সালের ২৩ মার্চ। পৈতৃক নিবাস কুমিল্লায়। ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর করেছেন তিনি। প্রখ্যাত চিত্র পরিচালক এস এম শফীর হাত ধরে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে ওয়াসিমের।

১৯৭৪ সালে আরেক প্রখ্যাত চিত্রনির্মাতা মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে আত্দপ্রকাশ তার। চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি সুপারস্টার বনে যান তিনি।

Share





Related News

Comments are Closed