Main Menu

সীতাকুণ্ডে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বৃহস্পতিবার সাঁতার কাটতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ শুক্রবার বিকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলের অদূরে সাগরের তলদেশে মাটিতে অর্ধ পোতাবস্থায় নিখোঁজ রাজ (১৮) এবং বিকাল সাড়ে ৪টায় ইমনের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ এসএসসি পরিক্ষার্থী এবং ইমন এইচএসসি পরিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে ৯ বন্ধু মিলে সীতাকুণ্ডে ভ্রমণে আসে, তারা সকালে সীতাকুণ্ডের পাহাড়ে ঘুরে বেলা ৩টার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে যায়। সৈকতে আসার পর ৯ বন্ধু মিলে সাগরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে ইমন ও রাজ জোয়ারের পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অফিসার ওয়াসি আজাদের নেতৃত্বে দমকল বাহিনী ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়ার নেতৃত্বে ডুবুরি দল সাগরে তল্লাশি অভিযান শুরু করে। দুই কিশোরের সন্ধান না পাওয়ায় রাত ১০টার দিকে উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরে আজ সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।

ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম জানান, মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত দুই কিশোর আপন খালাতো ভাই। তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা এলাকার বাসিন্দা।

Share





Related News

Comments are Closed