Main Menu

শায়েস্তাগঞ্জে প্রেমিক যুগলের বিষপান

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে চাকরিতে দায়িত্বরত এক কর্মকর্তার হাতে লাঞ্চনার শিকার হয়ে প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। মূমুর্ষ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা আশংকামুক্ত বলে জানা গেছে। শনিবার (০২ জুন) বিকেলে এ ঘটনাটি ঘটে।

আত্মহত্যার চেষ্টাকারী দুজন হলেন- অলিপুর এলাকার হযরত আলীর পুত্র মারুফ আহমেদ (২২) ও পুরাসুন্দা এলাকার আব্দুল করিমের কন্যা সাদিয়া সুলতানা মৌ (১৮)।

হাসপাতালে অসুস্থ প্রেমিক যুগল জানায়, গত ৬ মাস আগে তারা দু’জন প্রাণ কোম্পানিতে চাকরি নেয়। এর আগে থেকেই তারা একে অপরকে ভালবাসে। অভাব অনটনের কারণে তারা প্রাণ কোম্পানিতে চাকরি করে জীবিকা নির্বাহ করছিল। মৌ সুন্দরী হওয়ায় প্রাণ কোম্পানির এক কর্মকর্তা তাকে উত্যক্ত করে। তার ডিউটি শেষ হলেও ওভার টাইম করার জন্য চাপ প্রয়োগ করে। অন্যথায় তাকে চাকরি ছেড়ে দিতে হবে বলে হুমকি দেয় অভিযুক্ত ওই কর্মকর্তা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে মারুফ। এরপর নেমে আসে তাদের উপর নির্যাতন।

শনিবার ওই অভিযুক্ত কর্মকর্তা তাদেরকে অতিরিক্ত কাজের জন্য চাপ প্রয়োগ করে। এতে অপরাগতা প্রকাশ করলে ওই কর্মকর্তা তাদেরকে লাঞ্চিত করে। একপর্যায়ে ক্ষোভে-অপমানে যুবক যুবতী বিষপান করে। পরে সহকর্মীরা উদ্ধার করে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

তবে এ ঘটনায় প্রাণ কোম্পানির অভিযুক্ত ওই কর্মকর্তার সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed