Main Menu

নরসিংদীতে আ’লীগের দু’পক্ষের টেঁটাযুদ্ধ, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর চরাঞ্চল আলীপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনায় রণক্ষেত্রে পরিনত হয়েছে। এ সংঘর্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় স্থানীয় একটি বাজারে ও আশপাশের ৮টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় টেঁটাবিদ্ধদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেঁটাবিদ্ধরা হলেন, আলিপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল খালেদ (৬০), কাজী নীল মিয়ার ছেলে কাজী ওয়াহিদুল্লাহ (২২), তাহের আলীর ছেলে মুনসুর আলী (২৮), সুরুজ আলীর ছেলে মফিজ মিয়া (৪৫), মৃত আবেদ আলীর ছেলে ফুল মিয়াসহ (৩৫) আরো কয়েকজন।
সদর থানার পুলিশ পরিদর্শক মোজাফফর হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সংশ্লিষ্ঠদের বরাত দিয়ে তিনি বলেন- করিম মিয়া আলীপুর গ্রামের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন।

আলীপুর গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মেম্বারের সাথে কাজি বাড়ির করিমের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কামাল সমর্থকরা করিমের ভাই রবিউল্লাকে মারধর করে।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এরই জের ধরে শুক্রবার সকালে পুনরায় কামাল সমর্থকরা সংঘবদ্ধ হয়ে কাজী বাড়িতে হামলা চালায়।

এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed