Main Menu

চুনারুঘাটে পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে আবারও বন্যা দেখা দিয়েছে। গত রবিবার রাত ও সোমবার সকালের প্রবল বর্ষণে এবং পাহাড়ী ঢলে উপজেলার সুতাং নদীর আশপাশের ২০টি গ্রাম তলিয়ে গেছে। বন্যার পানিতে ডুবে গেছে রোপা আউশ ও অসংখ্য পুকুর। এতে ভেসে গেছে অনেকের পুকুরের মাছ। অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এছাড়া বড় ধরণের বন্যার আশঙ্কায় দিনযাপন করছে বিশাল এ এলাকার মানুষ।

স্থানীয়রা জানায়, পাহাড়ী ঢলের পানি উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের ২০/২২টি গ্রামে প্রবেশ করে। গ্রামগুলোর মধ্যে রয়েছে- জারুলিয়া, উসমানপুর, দুধপাতিল, কালিশিরি, ঘনশামপুর, ইনাতাবাদ, চান্দপুরবস্তি, বগাডুবি, দেওরগাছ, বেগমঘান, নোয়াবাদ, পাইকপাড়া, মাঝিশাইল, হলদিউড়া, উজ্জলপুর, মহিমাউড়া, শানখলা, দুবাড়িয়া ও লালচান্দ। সুতাং নদীর পানি ৫ ইউনিয়নের এসব গ্রামগুলোতে প্রবেশ করে বড় ধরণের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে খোয়াই নদীর পানি বিপদসীমায় না হলেও রয়েছে ঝুঁকির মধ্যে। সকাল থেকে পানি বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া করাঙ্গী নদীর পানি উপচে নদীর দু’পাশের ১০/১২টি গ্রামে প্রবেশ করেছে। তবে পাহাড়ি ঢল হওয়ায় এতে ক্ষতির সম্ভাবনা কম দেখছেন এলাকাবাসী। এর আগে গত সপ্তাহে ভারতীয় পানি এসে একদফা বন্যা হয়েছিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, আকস্মিক উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নে পাহাড়ী ঢলে বন্যা দেখা দিয়েছে। তিনি আশা করছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব পানি নেমে যাবে। কারণ পাহাড়ী ঢল ২৪ ঘন্টার বেশি থাকে না। এতে কারো কোন ক্ষতির খবর এখন তিনি পাননি বলে জানান।

Share





Related News

Comments are Closed