Main Menu

বিদ্যুত কর্তৃপক্ষের গাফিলতিতে ৮মাস ধরে মাদ্রাসা বন্ধ

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পল্লীবিদ্যুত কর্তৃপক্ষের গাফিলতিতে আট মাস ধরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জামেয়া ইসলামিয়া শ্যামলবাজার (বান্দেরবাজার) মাদ্রাসা তালাবদ্ধ রয়েছে।

সরেজমিন গিয়ে জানা যায়, ১৯৯৭ সালে ওই ক্বওমী মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর ২০০৮ সালে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে ওই প্রতিষ্ঠানের টিনশেড ঘরের উপর দিয়ে চার লাইনের তার টানানোর ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। টিনশেডের মাত্র দুই ইঞ্চি উপর দিয়ে তার টানার ফলে প্রতি বছর মাদ্রাসা ঘরের চালায় টিন লাগানো সম্ভব হয়না।

এ ব্যাপারে বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ খোদ স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে আট মাস ধরে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠান প্রধান মাওলানা বদরুল ইসলাম বলেন, আমরা বিদ্যুতের লাইন স্থানান্তরিত করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষসহ স্থানীয় এমপি মহোদয়কে অবহিত করেছি। এমপি পল্লীবিদ্যুত কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ লাইন মাদ্রাসা ঘরের উপর হতে সরানোর নির্দেশ দিলেও কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ নিচ্ছেননা। বিদ্যুৎ লাইনের জন্য টিনশেড ঘরটি সংস্কার করতে না পারায় বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।

শিক্ষার্থীর অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুতের তার না সরানোর ফলে বর্তমানে মাদ্রাসা বন্ধ থাকায় ছাত্রদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। অবিলম্বে বিদ্যুৎ লাইন সরানো না হলে মাদ্রাসা রক্ষার্থে এলাকাবাসী আন্দোলনের ডাক দিবে।

জানতে চাইলে পল্লীবিদ্যুৎ সমিতি সুনামগঞ্জের জিএম ওকিল কুমার সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed