Main Menu

এইচএসসি পরীক্ষা শুরু কাল, সিলেটে পরীক্ষার্থী ৭১৬৯৪ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামিকাল ২ এপ্রিল সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সিলেটে অংশ নিচ্ছে ৭১৬৯৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা উপলক্ষে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। গতবছরের তুলনায় এবার বেড়েছে পরীক্ষার্থী, বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে মিছিল-সমাবেশ-লাউড স্পিকার বাজানো এবং প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সাথে এসএমপি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস রোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ।

তিনি জানান, গতবছরের তুলনায় এবার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ছয় হাজারেরও বেশি। এ বছর সিলেট বোর্ডের ২৮৬টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৭১৬৯৪ জন শিক্ষার্থী। গতবছর এই সংখ্যা ছিলো ৬৫৪৯৬। তবে গতবছরের তুলনায় এইবার পরীক্ষা কেন্দ্র বেড়েছে মাত্র দুটি। গত বছর সিলেটের বিভিন্ন জায়গায় মিলে মোট পরীক্ষাকেন্দ্র ছিলো ৭৭টি। এইবার এই সংখ্যা বাড়িয়ে ৭৯টি করা হয়েছে।

সিলেট বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে এবার বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য বছর ট্রেজারি খামে করে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছালেও এবার ট্রেজারি খামের উপর বোর্ডের আলাদা একটি খাম থাকবে। প্রতিটি বিষয়ের দুই সেট প্রশ্নপত্র সকাল সোয়া নয়টায় কেন্দ্রে পৌঁছাবে। সকাল সাড়ে নয়টায় আমরা প্রশ্নপত্র পৌঁছানোর খবর জেনে এ খবর আমরা জানাবো জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। পরে উনারা পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রককে কোন সেট প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হবে এ নির্দেশনা জানাবেন।
তিনি আরো জানান, নিরাপত্তার স্বার্থে প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে এবছর সিলেটের চার জেলার ২শ’ ৮৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এবারও মেয়েদের সংখ্যাই বেশি। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ৩২ হাজার ৮শ’ ৩৫ জন এবং মেয়ে ছাত্রী ৩৮ হাজার ৭শ’ ২৮ জন। সেই তুলনায় এবার ৫ হাজার ৮শ’ ৯৩ জন বেশি মেয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছরও ছেলেদের তুলনায় ৪ হাজার ৭শ’ ৬৭ জন বেশি মেয়ে পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিয়েছিল।

জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্য থেকে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে সিলেট জেলা এবং সবচেয়ে কম শিক্ষার্থী অংশ নিচ্ছে হাওর ব্যাষ্টিত সুনামগঞ্জ জেলা থেকে। অন্য বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও সিলেট জেলা থেকে সবচেয়ে বেশি ২৮ হাজার ৭শ’৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে।

এছাড়া হাওর ব্যাষ্টিত সুনামগঞ্জ জেলা থেকে সবচেয়ে কম ১৩ হাজার ৪শ’ ৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাছাড়া মৌলভীবাজার জেলা থেকে ১৫ হাজার ২শ’৫২ জন এবং হবিগঞ্জ জেলা থেকে ১৪ হাজার ৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

সূত্র জানায়, দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রালপালসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় এবং পরীক্ষার কক্ষে তার অভিভাবক/শিক্ষক/সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed