Main Menu

রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: চার দিনের সরকারি সফরের জন্য ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে রওনা হন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।

রবিবার (১১ ফেব্রুয়ারি) ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রোমের লিওনার্দো দা ভি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রোমে যাওয়ার পথে প্রধানমন্ত্রী প্রায় দু’ঘণ্টার জন্য দুবাইয়ে যাত্রা বিরতি দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক সম্মেলনে যোগ দেন। ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ বৈঠকে যোগ দিচ্ছেন। এছাড়া পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন, সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন।

পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকের জন্য প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি ভ্যাটিক্যান সিটি সফর করবেন। প্রধানমন্ত্রী সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পেইটরো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন।এর আগে পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সফর করেছেন।

প্রধানমন্ত্রী ১৩ ফেব্রুয়ারি সকালে রোমে আইএফএডি’র সদর দপ্তরে গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে যোগ দেবেন। গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী কী-নোট পেপার উপস্থাপন করবেন।

আইএফএডি’র গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ফ্রম ফ্রাগিলিটি টু লং টার্ম রেজিলেন্স: ইনভেস্টিং ইন সাসটেইনেবল রুরাল ইকোনমিকস’। প্রধানমন্ত্রী তাঁর কী-নোট পেপারে তাঁর সরকারের অন্যান্য উন্নয়ন উদ্যোগ ছাড়াও দেশের সাফল্য এবং কৃষি খাতের অর্জন তুলে ধরবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী যুব উন্নয়ন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং এ ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকার জন্য তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। সম্মেলনের কী-নোট স্পিকারের আইএফএডি’র প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা রোমের পারকো দেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড এসপিএ প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী আবুধাবি হয়ে ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। উন্নয়নশীল দেশগুলোর গ্রামীণ এলাকার দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে ইফাদ একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।

১৯৭৪ সালে বিশ্ব ফুড কনফারেন্সের সিদ্ধান্তে ১৯৭৭ সালে একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইফাদ প্রতিষ্ঠিত হয়। দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টির মানোন্নয়নে গত ৩০ বছর যাবত রোম ভিত্তিক এই সংস্থা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইফাদ মঞ্জুরি ও সহজ ঋণ হিসেবে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৭৮২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

Share





Related News

Comments are Closed