Main Menu

চট্টগ্রামে বিএনপির ১৫ নেতাকর্মী কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গ্রেফতার মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতসহ ১৫ নেতার্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৯ ফেব্রয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক এস এম মাসুদ পারভেজের আদালতে তাদের হাজির করা হয়। এ সময় তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে ডা. শাহাদাত হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম সাজ্জাদ জানান, বৃহস্পতিবার নগর বিএনপি অফিস থেকে শাহাদাতসহ গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের আজ আদালতে হাজির করলে তাদের জামিনের আবেদন করা হয়। একই সাথে ডা. শাহাদাত হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নগর বিএনপি কার্যালয়ে বিএনপি নেতা কর্মীরা অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ডা. শাহাদাত হোসেনসহ ১৯ জনকে আটক করলেও ৪ মহিলা কর্মীকে থানা থেকে ছেড়ে দিয়ে ১৫ নেতাকর্মীর নামে দুটি পৃথক মামলা দায়ের করে পুলিশ।

Share





Related News

Comments are Closed