Main Menu

বিএনপি নেতা গয়েশ্বর রায় ও অমিত আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি অভিযোগ করে জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার পর গয়েশ্বর রায়কে পুলিশ প্লাজার সামনে থেকে আটক করা হয়। আর জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এদিকে গয়েশ্বর চন্দ্র রায়ের আটকের বিষয়ে রুহুল কবির রিজভী মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। রিজভী সংবাদ সম্মেলনে বলেন, ‘একজন রাজনীতিবিদকে এভাবে রাস্তা থেকে তুলে নেওয়ার যাওয়ার ঘটনা সভ্য রাষ্ট্রে নজিরবিহীন। এটা সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ।’

রিজভী আরও জানান, এখনও আমরা জানি না, তিনি (গয়েশ্বর চন্দ্র রায়) কোথায় আছেন, কীভাবে আছেন? আমি দলের পক্ষ থেকে অবিলম্বে গয়েশ্বর চন্দ্র রায়কে তার দল ও পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তল্লাশি চালানো হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলেসহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে সুনির্দিষ্ট একাধিক মামলা এবং তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার রাতে টেলিফোনে তিনি একথা জানান। তিনি বলেন, বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share





Related News

Comments are Closed