সোনার দাম ভরিতে ৫২ হাজার ছাড়াল
বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সোনার দর ভরিতে ১ হাজার ৫১৭ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার নতুন দর শুক্রবার থেকে কার্যকর হবে।
জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর বৃদ্ধির বিষয়টি আজ বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ গত ১০ জানুয়ারি সোনার দর বাড়ানো হয়েছিল।
দর বৃদ্ধি পাওয়ায় শুক্রবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ২৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৯২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৬৭৩ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৭ হাজার ৪১০ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ১৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৫৩৬ টাকায় বিক্রি হচ্ছে।
সোনার দর পুনর্নির্ধারণ করায় ২২, ২১ ও ১৮ ক্যারেটে ১ হাজার ৫১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৮৭৪ টাকা দাম বৃদ্ধি পাচ্ছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববাজার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল প্রায় ১ হাজার ৩৬০ মার্কিন ডলার। গত ১০ জানুয়ারি সেটি ছিল ১ হাজার ৩১৭ ডলার।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed