Main Menu

প্রখ্যাত সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বিগত পাঁচ বছর যাবত ক্যান্সারে ভুগছিলেন ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম বলেন, ‘শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন। শাম্মী আক্তার বাসায়ই ছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এখন তার মরদেহ নিয়ে বাসায় ফিরে এসেছি।’

তার স্বামী আরো জানান, আগামীকাল বুধবার বাদ জোহর শান্তিনগর আমিনবাগ জামে মসজিদে শাম্মী আক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাম্মী আক্তার ১৯৫৭ সালের ২২ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। মাত্র ছ’বছর বয়সে বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে তার সঙ্গীতে হাতে খড়ি। বাবা শামসুল করিমের সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে তাকে নানা ওস্তাদের কাছে গানে তালিম নিতে হয়। চলচ্চিত্রের গানে তার যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা তাকে এ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ করে দেন। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তার গাওয়া ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে..’ গানটি। চলচ্চিত্রে ৩০০টির মতো গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে টাইটেল গানটির জন্য শাম্মী আখতার ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি।

১৯৭৭ সালের ২২ ফ্রেব্রুয়ারি আকরামুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাম্মী আক্তার। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। মৃত্যুর আগে দুই নাতি আর্শ ও আরিবের সঙ্গেই সময় কাটাতেন শাম্মী আক্তার।

উল্লেখ, দীর্ঘ সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন গুণী এই সংগীতশিল্পী। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গায়িকার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতার আবেদন করেছিল।

Share





Related News

Comments are Closed