Main Menu

সিলেটে দু’দিন ব্যাপি বীমা মেলা শুরু শুক্রবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শুক্রবার থেকে বিভাগীয় নগরী সিলেটে শুরু হচ্ছে দু’দিনব্যাপী বীমা মেলা। প্রথমবারের মতো রাজধানীর বাইরে সিলেটে এই মেলা আয়োজন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মেলা আয়োজনে সার্বিক সহযোগীতা করছে।

নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে উপস্থিত থাকবেন।

উদ্বোধনের আগে সকাল ৯টায় কোর্ট এলাকা থেকে কবি নজরুল অডিটোরিয়াম পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হবে। অতিথিদের বক্তব্য শেষে বিভিন্ন কোম্পানির বীমা দাবির চেক বিতরণ করা হবে।

বীমাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং বীমা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে মানুষ বীমার উপকারীরা সর্ম্পকে জানতে পারবেন।

২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ২দিন ব্যাপী এই মেলায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলা আয়োজনে সহযোগিতা করছে। মেলায় দুটি সরকারি বীমা কোম্পানির পাশাপাশি মোট ৩০টি লাইফ, নন লাইফ বীমা কোম্পানি অংশগ্রহন করছে।

মেলার দ্বিতীয় দিনে শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ কনফারেন্স হলে ‘রেগুলেটরি রিফর্মস অব ইনসিওরেন্স সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।

এদিকে, মেলা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

তিনি জানান, ‘রাজধানী ঢাকার পর সিলেটে এটি হচ্ছে দ্বিতীয় বীমা মেলা। বীমা সম্পর্কে সাধারণ মানুষের ভীতি ও ভূল বোঝাবুঝি দুর করতে ও জনসচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে বীমা উন্নয়ন কর্তৃপক্ষসহ অংশগ্রহনকারী কোম্পানিগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed