Main Menu

তুরস্কের প্রধানমন্ত্রী ঢাকায়

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌছেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার সকালে তুর্কি প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যলয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করবেন তুর্কি প্রধানমন্ত্রী।

সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

এরপর সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বিনালি ইলদিরিম। রাত ৮ টায় হোটেল সোনারগাঁওয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সফরের শেষ দিন বুধবার চলমান রোহিঙ্গা সংকট দেখতে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন তুর্কি প্রধানমন্ত্রী। সেখান থেকেই বিশেষ বিমানে করে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

Share





Related News

Comments are Closed