Main Menu

নন্দিত অভিনেত্রী শাবনূরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক : আজ ১৭ ডিসেম্বর বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবনূরের জন্মদিন।

এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কারণ, বর্তমানে তার মা আছেন অস্ট্রেলিয়ায়। মাকে ছাড়া নিজের জন্মদিন উদযাপনের কোনো আগ্রহ নেই শাবনূরের।

তিনি বলেন, গত বছর অস্ট্রেলিয়ায় পরিবারের সব সদস্য মিলে জন্মদিন উদযাপন করেছি। এবার কেউ নেই। তাই জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনাও নেই। তা ছাড়া কিছুদিন আগে আমি বেশ অসুস্থ ছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হইনি। সব মিলিয়ে জন্মদিনে কোনো আয়োজন করছি না। সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ আর সুন্দর থাকতে পারি। সবার সহযোগিতায় আমি আজকের শাবনূর হতে পেরেছি। আমি আমার জীবনে যা কিছু পেয়েছি, তার সবই চলচ্চিত্র থেকে। তাই চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।

১৯৭৯ সালের এই দিনে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন এ নায়িকা। যার আসল নাম নূপুর। এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৯৩ সালে মুক্তি পায় চলচ্চিত্রটি।

নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে মোট ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবনূর। সেই সময়ে সালমান-শাবনূর জুটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এই জুটির বেশির ভাগ ছবিই ছিল ব্যবসাসফল। সালমান শাহর মৃত্যুর পর নায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেও তিনি সফল হন।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রের জন্য ২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাবনূর। ‘বউ শাশুড়ির যুদ্ধ’ চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে সেরা অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার পান তিনি।

অনেক দিন থেকেই অভিনয় থেকে দূরে আছেন শাবনূর। আবার ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ চলচ্চিত্রের জন্য কিছুদিন আগে প্লেব্যাক করেছেন। ইতিমধ্যে ছবির ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি শুধু শাবনূরের অংশের। এই সিনেমায় শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন শাবনূর। এখন শুধু তার শুটিয়ে ফেরার প্রতিক্ষা।

Share





Related News

Comments are Closed