Main Menu

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ জাতির জীবনে এক বেদনাবহ দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ঘটেছিল এক মর্মান্তিক হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে লিপ্ত হয়েছিল ঘৃণ্য ষড়যন্ত্রে। স্বাধীনতাকামী বাঙালি জাতি যেন মেধায়-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে।

দেশ স্বাধীন হওয়ার পর ১৪ ডিসেম্বরকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। বিজয় উৎসবের আগে এই দিনটিতে জাতি গভীর বেদনার সঙ্গে স্মরণ করে আসছে স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের।
এ উপলক্ষে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী সৌধে বরাবরের মতোই আজ বৃহস্পতিবার সকাল থেকে নামবে অগণিত মানুষের ঢল। একই সাথে ঢাকার মিরপুর ও রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হবে দিনটি।

সকাল থেকে মুক্তিযোদ্ধা, সর্বস্তরের মানুষ, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, বিশেষত নতুন প্রজন্মের বাঙালিরা গভীর শ্রদ্ধা ও বিনয়ে পুষ্পস্তবক অপর্ণ করবে স্মৃতিসৌধের বেদিতে। একই সঙ্গে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, সেই রাজাকার-আলবদরদের বিচার ও সাজা কার্যকর করার দাবিও জানানো হবে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, সিলেট প্রেসক্লাবসহ বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তাঁরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার চিরশান্তি কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed