Main Menu

আলোচনায় শশী কাপুরের সেই বাংলা গান (ভিডিও)

বৈশাখী নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা শশী কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সোমবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় দর্শকরা তার স্মরণীয় সিনেমা নিয়ে আলোচনা করছেন। থেমে নেই ঢালিউডের অনেক দর্শকও।

যৌথ প্রযোজনার কল্যাণে এ অভিনেতার মুখে একসময় শোনা গিয়েছিল বাংলা সংলাপ ও বাংলা গান।

১৯৮৩ সালে বাংলাদেশ, ভারত ও কানাডার যৌথ প্রযোজনায় নির্মিত হয় ‘দূরদেশ’। বাংলাদেশের এহতেশাম ও ভারতের অমরিশ সঙ্গল পরিচালনা করেছিলেন ছবিটি। একই বছর ছবিটি ‘গেহরি চোট’ নামে ভারতে মুক্তি পায়।

ওই সিনেমায় শশী কাপুরের বিপরীতে ছিলেন শর্মিলা ঠাকুর। ‘দূরদেশ’-এর একটি গান এখনো বাংলাদেশে জনপ্রিয়। পুরুষ ও নারী কণ্ঠে সিনেমায় আলাদা আলাদাভাবে শোনা যায় ‘যেও না সাথী’ গানটি। এর মধ্যে সৈয়দ আব্দুল হাদীর গায়কীতে ঠোঁট মেলান শশী কাপুর। এ অভিনেতার মৃত্যুর পর অনেকেই গানটির ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নামে যৌথ প্রযোজনা হলেও ‘দূরদেশ’ মূলত ভারতীয় তারকা নির্ভর সিনেমা। ভারতীয় তারকাদের মধ্যে আরো ছিলেন রাজ বাব্বর, পারভীন ববি ও ডেভিড আব্রাহাম। তাদের সাথে ছিলেন বাংলাদেশের ববিতা ও পাকিস্তানের নাদিম।

‘দূরদেশ’-এর নব্বই ভাগ শুটিং হয়েছিল কানাডায়। একটি গানের দৃশ্যায়ন হয় ভারতে। কিছু অংশ বাংলাদেশে হয়। বাংলাদেশ অংশের প্রযোজক ছিল মধুমিতা মুভিজ।

বিখ্যাত অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে শশী কাপুরের জন্ম ১৯৩৮ সালের ১৮ মার্চ। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ১৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত শেষ সিনেমা ‘সাইড স্ট্রিটস’ মুক্তি পায় ১৯৯৮ সালে।
ভিডিও…

Share





Related News

Comments are Closed