Main Menu

‘জানুয়ারিতেই চালু হচ্ছে ফোরজি’

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০১৮ সালের জানুয়ারি মাসেই দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা সাধারণ মানুষের জন্য চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে ফোরজি সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফোরজি টেলিযোগাযোগ সেবা সাধারণ মানুষের জন্য চালু করা সম্ভব হচ্ছে। একটু বিলম্ব হচ্ছে।

তারানা হালিম বলেন, ফোরজি সেবার সংশোধিত গাইডলাইনে প্রধানমন্ত্রী চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন। সেই গাইডলাইন মন্ত্রণালয়ে এসেছে। আজই আমরা সেটা বিটিআরসি’র কাছে পাঠিয়ে দেবো। বিটিআরসি ফোরজি চালুর বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাস থেকে দেশবাসী যাতে ফোরজি সেবা পায় সে বিষয়ে আমরা উদ্যোগী হয়েছি। ফোরজি সেবায় প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি থাকবে ২০ এমবিপিএস। তবে বিটিআরসি ভবিষ্যতে এই গতি বাড়াতে কাজ করবে।

এর আগে একাধিকবার ফোরজি সেবা চালুর সময় নির্ধারণ করা হয়। তবে নানা কারণে সেই সব সময়ে সেবাটি সকলের জন্য চালু করা যায়নি।

চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নভেম্বরের মধ্যে আমরা নিলাম সম্পন্ন করব এবং ডিসেম্বরের মধ্যে ফোরজি সুবিধা জনগণকে দিতে সক্ষম হব। এটি আমরা টার্গেট বলছি এ কারণে যে এর মধ্যে কিছু ইকুইপমেন্ট আমদানির বিষয় আছে। এর ওপর আমাদের হাত নেই। আমাদের লক্ষ্য অনুযায়ী আনুষঙ্গিক কাজ সম্পন্ন করব ডিসেম্বরের মধ্যে।

ফোরজি লাইসেন্সের জন্য অপারেটরদের আবেদন ফি হিসেবে পাঁচ লাখ টাকা দিতে হবে। আর লাইসেন্স ১০ কোটি টাকা এবং বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৫ কোটি টাকা চূড়ান্ত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed