Main Menu

সাংবাদিককে মারধর, ঢাবি ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক সাংবাদিককে মারধর করার অভিযোগে ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদক আহমেদ ফয়সাল, একই হল শাখার ছাত্রলীগ কর্মী আনোয়ারুল কবির, তোফায়েল হোসেন ও আশরাফুল ইসলাম সাকিব।

জানা যায়, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাহ আরেকজন সাংবাদিকের সাথে কথা বলছিলেন। এ সময় ওই চারজন এসে তাদের পরিচয় জানতে চায়। তারা দুই জনই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলার পর বহিরাগত বলে মারধর শুরু করেন।

ওই সময় ঘটনাস্থলের কাছে থাকা সাংবাদিকরা এসে তাদের উদ্ধার করেন। হামলাকারী চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান সাংবাদিকদের বলেন, হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed