শাবিতে পরীক্ষা না দিয়েই ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর ফল বাতিল
শাবি প্রতিনিধি : শাবিতে পরীক্ষা না দিয়ে ভর্তির সুযোগ পাওয়া এক শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। রোববার দুপুরে শাবির শিক্ষা ভবন ‘ডি’-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে ভর্তি কমিটির এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ফল দ্রুত সংশোধন করা হবে বলে জানায় ভর্তি কমিটি।
সূত্র জানায়, পরীক্ষা না দিয়েও প্রকাশিত ফলে নাম আসায় এক শিক্ষার্থীর ফল সভায় বাতিল করা হয়। আরেক পরীক্ষার্থী রোল নম্বরে বৃত্ত ভরাট করতে ভুল করে অনুপস্থিত আরেকজনের রোল নম্বর পূরণ করেছিলেন। এ ঘটনায় ওই পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরা উপস্থিতি সঠিকভাবে যাচাই-বাছাই না করায় এই ভুল ধরা পড়েনি বলে সভায় ব্যাখ্যা দেওয়া হয়। এ ঘটনায় ওই কক্ষের পরিদর্শকদের ভবিষ্যতে এমন অবহেলার ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।
বিষয়টি নিয়ে ড. আবদুল গণি বলেন, সভায় পরীক্ষা না দিয়েই ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। বৃত্ত ভরাট করতে ভুল করা শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির ফলের ওপর ভিত্তি করে প্রাপ্ত নম্বর বিবেচনা করে ফল সংশোধন করা হবে।
উল্লেখ্য ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উত্তীর্ণ হিসেবে ওই শিক্ষার্থীর রোল নম্বর প্রকাশ করা হলেও পরবর্তীতে তা মুছে ফেলা হয়।
উত্তীর্ণ দেখানো ওই শিক্ষার্থীর নাম মো. আসিফুজ্জামান ইমন। তার বাড়ি নড়াইলে। কিন্তু তিনি আসলে পরীক্ষাই দেননি।
খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করা এই শিক্ষার্থী শাহজালার বিশ্ববিদ্যালয়ের বি-১ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন, যার পরীক্ষা ছিল গত ১৮ নভেম্বর।
ইমন সাংবাদিকদের বলেন, ঢাকা, রাজশাহী ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ভর্তির সুযোগ পাওয়ায় তিনি আর পরীক্ষা দিতে যাননি। বুটেক্সে ভর্তির ইচ্ছা রয়েছে তার।
এদিকে ২০ নভেম্বর প্রকাশিত শাহজালালের ভর্তি পরীক্ষার ফলাফলে এই শিক্ষার্থীকে বি-১ ইউনিটে মেধা তালিকায় ২৫৮৩তম (রোল নম্বর-১১১৬৩৮৩) হয়েছেন বলে দেখানো হয়।
ভর্তি কমিটির একজন শিক্ষক বলেন, ১১১৬৩৮৬ নম্বর রোলধারী শিক্ষার্থী ভুল করে তার উত্তরপত্রের ঘরে ১১১৬৩৮৩ রোল পূরণ করায় এমন ঝামেলা হয়েছে।
ওই শিক্ষার্থী তার উত্তরপত্রে কলম দিয়ে ১১১৬৩৮৬ রোল নম্বর লিখলেও ওএমআরে ১১১৬৩৮৩ রোল নম্বরের গোল ভরাট করেছিলেন।
আসিফুজ্জামান ইমনের পরীক্ষার কেন্দ্র ছিল সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের ৪০৩ নম্বর রুম।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed