Main Menu

১৭ নভেম্বর জোড় ইজতেমা

বৈশাখী নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে আগামী ১৭ নভেম্বর শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫দিনের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে ৫ দিন এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

২১ নভেম্বর মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য প্রতিবছর টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়।

এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলা থেকে আড়াই লাখ থেকে তিন লাখ মুসল্লি অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, কালেমা, নামাজ, ইমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্য ও মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে মৌলিক বিষয়াদির ওপর বয়ান করবেন। বিভিন্ন মেয়াদে চিল্লাধারী মুসল্লিরা এ জোড় ইজতেমায় অংশ নেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিরা বিভিন্ন এলাকায় তাবলিগী কাজে ছড়িয়ে পড়েন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে সুষ্ঠুভাবে জোড় ইজতেমা শেষ করতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ২০১৮ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে।

সে হিসাবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৯, ২০ ও ২১ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed