সিলেটে বিপিএল’র টিকেট নিয়ে হুলস্থুল, পুলিশের লাঠিচার্জ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিপিএল’র টিকেট না পেয়ে বিক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা সিলেট জেলা স্টেডিয়ামে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপিএল’র টিকেটের জন্য মঙ্গলবার রাত থেকে জেলা স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীরা ভিড় করেন। বুধবার সকালে মাত্র কয়েকটি টিকেট বিক্রির পরই ঘোষণা করা হয় ৫ নভেম্বরের ম্যাচের ২০০ টাকা মূল্যের টিকেট শেষ। এর কিছুক্ষণ পর ৫০০ টাকা মূল্যেরও টিকেট শেষ হওয়ার ঘোষণা আসে।
এই সামান্য টিকেট বিক্রির পরই কাউন্টার বন্ধ করে দেয়ার চেষ্টা করলে লাইনে দাঁড়ানো টিকেট প্রত্যাশীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় তারা কাউন্টার লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে তারা টিকেট বিক্রির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে জুতাও ছুড়ে মারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন টিকিট প্রত্যাশীরা। একসময় তারা পুলিশের লাঠিচার্জে স্টেডিয়াম এলাকা ত্যাগ করেন।
মঙ্গলবার থেকে শুরু হওয়া বিপিএলের টিকিট বিক্রিতে এরই মধ্যে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এমনকী এরই মধ্যে ২০০ টাকার টিকিট ২০০০ টাকায় বিক্রির বিজ্ঞাপনও দেখা গেছে বিভিন্ন ফেসবুক পেজে।
পুলিশের একটি সূত্র জানায়, সিলেট স্টেডিয়ামের বুথ থেকে মাত্র ৩/৪ হাজার টিকেট বিক্রি করা হচ্ছে। আর লাইনে টিকেটের জন্য দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার লোক। এ কারণে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে, বিপিএল টিকেটের জন্য গত সোমবার রাত থেকে স্টেডিয়াম এলাকায় ভিড় শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। তারা লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য অপেক্ষা করতে থাকেন। টিকেট নিয়ে প্রথম দিন মঙ্গলবারও অপ্রীতিকর ঘটনা ঘটে। বুধবার দ্বিতীয় দিনের টিকেট বিক্রিকালে টিকেটের সংকট নিয়ে পুলিশের সাথে সংঘাতে জড়িতে পড়ে উৎসুক লোকজন।
এসএমপি’র কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান, মূলত টিকেট সংকটের কারণে এ বিশৃংখলা হচ্ছে। অপ্রীতিকর ঘটনার কারণে টিকেট বিক্রি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার ৭ ও ৮ নভেম্বরের টিকেট বিক্রি করা হবে বলে একটি সূত্র জানায়।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed