সৌদির সঙ্গে মিল রেখে কয়েক জেলায় ঈদ উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার চাঁদ দেখা গেলে বাংলাদেশের প্রায় সব মুসলিম সোমবার ঈদ উদযাপন করবেন। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় সেখানে রোববার ঈদ উদযাপিত হচ্ছে।
এদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রোববার বাংলাদেশের কয়েকটি জেলায় ঈদ উদযাপন করছেন কয়েক হাজার মুসলিম। সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখায় একদিন আগেই তারা ঈদও উদযাপন করছেন।
কয়েকটি জেলার এসব গ্রামের বিভিন্ন পীরের অনুসারীরা বরাবরই রোজা, ঈদ, শবেক্বদর, শবেবরাত, শবেমেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পালন করে আসছেন।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায় বলে রোজা, ঈদ, শবেক্বদর, শবেবরাত, শবেমেরাজসহ এসব ধর্মীয় অনুষ্ঠান একদিন পরে হয়।
মাদারীপুর
মাদারীপুরের চারটি উপজেলার ২৫ গ্রামের প্রায় ৩০ হাজার মুসলিম মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছেন। জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সকাল ৯টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান ইমাম আবদুল হাশেম ফকির।
বরিশাল
বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া মসজিদ, উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহসুফি মমতাজিয়া মসজিদ, হরিনাফুলিয়া শাহসুফি মমতাজিয়া মসজিদ এবং জিয়া সড়ক শাহসুফি মমতাজিয়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী
পটুয়াখালী জেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদ উদযাপন করছে। পটুয়াখালীর নিশানাবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, গলাচিপার ডাউকা ও কলাপাড়ার কয়েকটি গ্রামের লোকজন সকালে ঈদের নামাজ আদায় করেছেন।
মৌলভীবাজার
মৌলভীবাজারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ১০টি গ্রামের দেড় শতাধিক মানুষ। শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা বাসার ছাদে রোববার সকাল সোয়া ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed