Main Menu

ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু ২৫ জুলাই

বৈশাখী নিউজ ডেস্ক : ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ আগামী ২৫ জুলাই থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ কিংবা তারও বেশি বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। বর্তমানে দেশের প্রায় ১০ কোটি ১৮ লাখ নাগরিক ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন।

ভোটার তালিকা হালনাগাদের জন্য ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত সারা দেশে তথ্য সংগ্রহের সূচি প্রস্তাব করা হয়েছে।

এর ভিত্তিতে কমিশন তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, নিবন্ধন কর্মকর্তা নিয়োগ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার জন্য বাজেট অনুমোদন করবে। কমিশনের অনুমোদন পেলেই তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আব্দুল বাতেন গণমাধ্যমকে জানিয়েছেন, ১৮ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহের পরিকল্পনা তাদের থাকলেও যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে তাই আপাতত ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি এ সময়ে ১৮ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করলে নানা মহল থেকে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করছেন তিনি।

তিনি জানান, সবশেষ হালনাগাদে যাদের নাম তালিকাভুক্ত হয়নি তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে যারা মারা গেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে ছাটাই করা হবে।

১৮ কিংবা তারও বেশি বয়স হওয়ার সত্ত্বেও সবশেষ ভোটার তালিকা হালনাগাদে দেশের ৩ দশমিক ৩১ শতাংশ নাগরিক ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ বেসরকারি সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)’র। এর কারণ হিসেবে একাধিক যুক্তিও তুলে ধরেছে সংস্থাটি।

ইসি সূত্র জানিয়েছে, ৯ আগস্ট তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ২০ অগাস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত নাগরিকদের নিবন্ধন চলবে। এ লক্ষ্যে আগামী বছর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে ইসি।

Share





Related News

Comments are Closed