Main Menu

সাকা চৌধুরীর নিখোঁজ পুত্র হুম্মাম ফিরে এসেছেন

বৈশাখী নিউজ ডেস্ক: প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী নিখোঁজ হওয়ার সাত মাস পর (০২ মার্চ) বৃহস্পতিবার ভোররাতে বাড়িতে ফিরে এসেছে। হুম্মাম কাদের চৌধুরীর চাচা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এটা নিশ্চিত করেছেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে ঢাকার ধানমন্ডি এলাকায় তাদের বাসার কাছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের কাছে কে বা কারা হুম্মাম কাদের চৌধুরীকে রেখে যায়। তখন তিনি বাসায় ফেরত যান।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও জানিয়েছেন, হুম্মাম কিভাবে এলেন, কারা নিয়ে এলো, এসব নিয়ে পরিবারের সদস্যরা হুম্মামের সাথে এখনও কোনো কথা বলেননি।

গত বছরের ৩রা আগস্ট ঢাকার পুরান এলাকায় ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার সময় হুম্মাম নিখোঁজ হয়েছিলেন। সেই থেকে এতদিন হুম্মাম কোথায় ছিলেন বা কারা নিয়েছিল, এসব প্রশ্ন এখন তার কাছে তোলা হয়নি।

হুম্মাম কাদের চৌধুরী বিশ্রামে আছেন বলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী উল্লেখ করেছেন।

তবে যখন হুম্মাম কাদের চৌধুরী নিখোঁজ হয়েছিলেন, তখন তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অপহরণ এবং গুম করেছে।

হুম্মাম চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে ২০১৫ সালের নভেম্বরে ফাঁসি দেয়া হয়। তিনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন। হুম্মাম কাদের চৌধুরীও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।
সূত্র: বিবিসি

Share





Related News

Comments are Closed