Main Menu

সংকটাপন্ন লাকী আখন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সংগীতশিল্পী লাকী আখন্দের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার। ফুসফুসের ক্যান্সার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন তিনি। চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন শিল্পীর মেয়ে মাম্মিন্তি আখন্দ নূর।

রোববার রাতে মাম্মিন্তি আখন্দ বলেন, “বাবার একদমই খারাপ অবস্থা। ডাক্তাররা বলছেন লাস্ট স্টেজে, দোয়া করা ছাড়া কিছুই করার নাই।”

২০১৫ সালের সেপ্টেম্বরে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে লাকী আখন্দের। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরে থাইল্যান্ডের একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার পর তাকে কেমোথেরাপি দেওয়া হয়। মুক্তিযোদ্ধা এই কণ্ঠশিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর তহবিল থেকেও সহায়তা করা হয়েছিল।

আশির দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকী আখন্দ একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাকী আখন্দ।

ওই অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’ গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ১৯৮৭ সালে ছোট ভাই হ্যাপী আখন্দের মৃত্যুর পরপর সঙ্গীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছায় নির্বাসন নেন এই গুণী শিল্পী।

Share





Related News

Comments are Closed