Main Menu

নরসিংদীতে টেঁটা যুদ্ধে আহত ৩, এমপি অবরুদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরার নিলক্ষার চরে সাংসদ রাজি উদ্দিন আহম্মেদ রাজু ও পুলিশের উপস্থিতিতে ৩য় বারের মতো ১৪৪ ধারা ভঙ্গ করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদকে উভয়পক্ষ অবরুদ্ধ করে ফেলে।

রোববার বিকেলে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু উভয়পক্ষের বিবাদ মীমাংসার জন্য নিলক্ষায় যান। এ সময় বীরগাঁও যাওয়ার পথে পেছন দিক থেকে হরিপুর এলাকায় রাজিব বাহিনীর লোকজন হক চেয়ারম্যান সমর্থকদের বাড়িঘরে এলোপাতাড়ি হামলা চালায়।

সংঘর্ষের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। তারা হলেন, নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ার জাকির হোসেনের ছেলে সজল হোসেন (২২), নিলক্ষা বড়বাড়ির আলাউদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৮) ও একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে সাইজ উদ্দিন (৩৫)।

এসময় বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগও করে তারা। মীমাংসার পরিবর্তে ১৪৪ ধারা ভঙ্গ করে এমপি ও পুলিশের সামনে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ক্ষিপ্ত নারী-পুরুষ টেঁটা, বটি অস্ত্রশস্ত্র নিয়ে এমপি রাজিউদ্দিন রাজুকে ঘিরে ফেলে। এ সময় তাকে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে ক্ষতিগ্রস্তরা। রাজিব বাহিনির কর্মকাণ্ডে সাংসদ ক্ষিপ্ত হন এবং ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত নিলক্ষা ছেড়ে চলে যান। এরপর থেকেই শুরু হয় রাজিব বাহিনী ও শহীদ বাহিনীর মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধ।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের মধ্যে সজল পায়ে, ওবায়দুল্লাহ হাতে ও সাইজ উদ্দিন গলা ও কপালে গুলিবিদ্ধ হয়েছে। তাদের এক্সরে করানোর জন্য প্রাইভেট হাসপাতালে নেয়ার পর আর ফিরে আসেনি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed