Main Menu

নরসিংদীতে রড দিয়ে পিটিয়ে স্কুলছাত্রকে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে রড দিয়ে পিটিয়ে মঈন উদ্দিন (১৪) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১২ জুন) সন্ধে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল দশটার দিকে শহরের কাউরিয়া পাড়া নতুন লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের আঘাতে সে গুরুতর আহত হয়।

নিহত মঈন উদ্দিন শহরের আলীজান জে এম একাডেমীর ৯ম শ্রেণীর ছাত্র এবং একই এলাকার বিল্লাল ঘটকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, রোববার সকাল ৭টার দিকে নতুন লঞ্চঘাটের পাশ্ববর্তী বাসিন্দা আবদুল করিমের ছেলে শাহিন মিয়ার একটি স্যামসং গ্যালাক্সি মোবাইল সেট চুরি হয়। শাহিনের পরিবার একই এলাকার রক্সি (১৫) নামে এক যুবককে সন্দেহ করে। কিন্তু রক্সি অভিযোগ অস্বীকার করে। এই নিয়ে দুই পরিবারের লোকজন প্রথমে হাতাহাতি ও পরে মারামারিতে জড়িয়ে পড়ে। ওই সময় রক্সির নেতৃত্বে ১০ থেকে ১২ জন নারী-পুরুষ রড ও লাঠিশোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে রডের আঘাতে শাহিনের মামাতো ভাই মঈন উদ্দিন মাথায় গুরুতর জখম হয়। তাকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই খোকন খন্দকার বলেন, রক্সি একই এলাকার শাহিন মোল্লা, ইকবাল, সোহেল, মনা, সুরাইয়া ও আকলিমার নেতৃত্বে রড, লাঠি ও ছুড়ি নিয়ে প্রকাশ্যে এই হামলা চালায়। আমরা ঘটনার পর থানায় পুলিশের নিকট আইনের আশ্রয় নেয়ার জন্য গেলে তারা মামলা করলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের একটাই চাওয়া, যারা আমার স্কুল পড়ুয়া ভাইকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মোবাইল সেটকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্দেহভাজন এক নারীকে আটক করেছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed