Main Menu

সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত, আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ২ জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের পৃথক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আয়াত (৩ মাস)। সে গোয়াইনঘাট উপজেরার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে। নিহত অপর ২ জনের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন যাত্রী আহত হন।

জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আয়াসসহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়াতকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহতদের মধ্যে একজন পথচারীও রয়েছেন। আহত মারজানা আক্তার (৩৫) পায়ে গুরুতর আঘাত পেয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাট কাটাগাং এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, তামাবিল সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসচালক ও এক নারী যাত্রী রয়েছেন। হাসপাতালে আরও পাঁচজন ভর্তি রয়েছেন। নিহত বাসচালকের নাম হাসান প্রামানিক (৪০)। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, সিলেট কোতয়ালী থানাধীন পল্লবী রোড এলাকার আলী আহমদের ছেলে কাওসার (৪৮), তার মেয়ে আতিশা (১০) এবং ছেলে আলিফ (১৬)।

জানা গেছে, রাজবাড়ী জেলা থেকে ছয় দিনের সফরে সিলেট ভ্রমণে এসেছিলেন একদল পর্যটক। শনিবার দুপুরে বাসে করে তাঁরা জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে ফেরিঘাট এলাকায় পৌঁছালে সিলেটগামী পাথরবোঝাই ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি অনিয়ন্ত্রিত হয়ে সড়কের পাশের কাদায় পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed