Main Menu

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান,আটক তিন শতাধিক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৭ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৭০ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

তিনি বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কিশোরদের মধ্যে ১৭০ জনের অভিভাবককে ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের সন্তানদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানে আটক সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed